বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসের মধ্যে এটি স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে দাঁড়ায় ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
বিশ্লেষকদের আশঙ্কা, স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গেলে পরবর্তী সময়ে তা আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।
এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে মার্কিন ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে। এ বিষয়টিও স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বাজার বিশ্লেষকদের মতে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী সম্ভাব্য দরস্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার।
আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বর্ণের সাম্প্রতিক দরপতনে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে মূল্যবান এই ধাতুর মূল্য প্রায় ৩২ শতাংশ কমেছে। তবে ইতিহাস বলছে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের বাজারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।
১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ দামে ফিরতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর আগের অবস্থানে ফিরতে সময় লাগে ৬ বছর ৪ মাস।
অন্যদিকে, ২০১২ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।
ইতিহাসের এসব তথ্যের ভিত্তিতে বিশ্লেষকেরা ধারণা করছেন, স্বর্ণের বাজারে সাম্প্রতিক বড় দরপতনের প্রভাব কাটিয়ে আগের সর্বোচ্চ দামে ফিরতে কয়েক বছর সময় লাগতে পারে। তবে ভবিষ্যতে স্বর্ণের দাম কোন দিকে যাবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক অর্থনীতি, ডলারের অবস্থান, সুদের হার এবং বিনিয়োগকারীদের চাহিদার ওপর।