সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান আবারও আলোচনায় এসেছেন। এবার তার বিয়েকে ঘিরে সান গ্রুপের কর্মীদের দেওয়া বিশেষ উপহার নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, বিয়ের আনন্দ ভাগ করে নিতে কর্মীদের সোনার আংটি উপহার দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ-সংক্রান্ত কয়েকটি ভিডিও। সেখানে দেখা যায়, জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে কাব্য মারানের বিয়ের আনন্দে সান গ্রুপের কর্মীদের উপহার দেওয়া হচ্ছে। এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিও অনুযায়ী, উপহারের বাক্সে ছিল আমন্ত্রণপত্র, চকলেট ও সোনার আংটি।
ভিডিওতে এক কর্মীকে অবাক হয়ে বলতে শোনা যায়, তারা ভেবেছিলেন সোনার মুদ্রা পাবেন। কিন্তু উপহার হিসেবে পেয়েছেন সোনার আংটি।
বাক্সের ভেতরে থাকা আমন্ত্রণপত্রে ২৫ নভেম্বর মধ্যাহ্নভোজের আয়োজনের কথা উল্লেখ রয়েছে। এটি সান গ্রুপের কর্মীদের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান কি না, তা অবশ্য স্পষ্ট নয়। কারণ, এর আগে ২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য ও অনিরুদ্ধের বিয়ের বড় সংবর্ধনা অনুষ্ঠানের খবর প্রকাশিত হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। ভক্তরা কাব্য মারান ও তার পরিবারের উদারতার কথা তুলে ধরছেন। একজন কর্মী সোনার আংটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও আংটির ওজন ও দাম জানা যায়নি। একই সঙ্গে কতজন কর্মী এই উপহার পেয়েছেন, সে বিষয়েও সান গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, কাব্য ও অনিরুদ্ধ ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।
চেন্নাইয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন পরিবারসহ চেন্নাই পৌঁছেছেন বলে জানা গেছে। সংবর্ধনায় তার উপস্থিত থাকার কথা রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক খেলোয়াড় ও বোলিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
চলচ্চিত্র অঙ্গন থেকেও একাধিক তারকার উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় শাহরুখ খান, কমল হাসান, আল্লু অর্জুন ও অজিত কুমারের নাম শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।
আইপিএলের অন্যতম পরিচিত মুখ কাব্য মারানের বিয়েকে ঘিরে শুরু থেকেই ক্রিকেট ও বিনোদনজগতের ভক্তদের আগ্রহ রয়েছে। এর মধ্যে কর্মীদের সোনার আংটি উপহার দেওয়ার ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।