বিএনপি আওয়ামী লীগের দেখানো পথে ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে যে চেয়ারে বসে আছেন, সেই একই চেয়ারে কিছুদিন আগে শেখ হাসিনাও ছিলেন। তিনি উল্লেখ করেন, ১৪শ শহীদের রক্তের বিনিময়ে এই অবস্থানে আসা হয়েছে, তাই তাদের প্রত্যাশা স্মরণ রাখা জরুরি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও ৬ বছর কাজ করেছেন। তবে তাদের আচরণ দেখে মনে হচ্ছে না যে তারা ক্ষমতায় এলে পরিবর্তিত হবেন।
ইরান বলেন, বর্তমান বিএনপিকে দেখে মনে হয় না এটি বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের আদর্শের দল। তার অভিযোগ, দলের সিদ্ধান্ত গ্রহণে অন্যদের প্রভাব বেশি এবং নেতৃত্বে ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে।
তিনি আরও দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট, বিদ্যুৎ সমস্যা, লোডশেডিং এবং আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট হয়ে উঠছে।
সমাবেশে তিনি বলেন, শহীদরা শুধু স্বীকৃতি বা ভাতা চাননি, তারা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চেয়েছিলেন।
তিনি সতর্ক করে বলেন, সরকার যদি সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তাহলে বিকল্প রাজনৈতিক শক্তির ওপর দায়িত্ব এসে পড়বে।
সবশেষে তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, শুধুমাত্র নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষেও অনুমোদন প্রয়োজন—এ বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।