ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে মহাসড়কে মশাল মিছিল ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়ক অনেকটা ফাঁকা থাকাকালে একদল ব্যক্তি মশাল হাতে কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে তারা মশাল মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল চলাকালে মহাসড়ক দিয়ে চলাচলরত কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
গভীর রাতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে আকস্মিক মশাল মিছিল ও যানবাহন ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিচয়ে এমন ঝটিকা মিছিল ও যানবাহন ভাঙচুরের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িতদের পরিচয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।