বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব দেশের সবগুলোতে সাধারণ পাসপোর্টধারীদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নেই। পাসপোর্টের ধরন অনুযায়ী নির্ধারিত হয়েছে ভিসা অব্যাহতির সুবিধা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের এ ধরনের চুক্তি কার্যকর রয়েছে। সম্প্রতি এ তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
তালিকা অনুযায়ী, ৩৪টি দেশের মধ্যে কেবল মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর ভিসা অব্যাহতির সুবিধা রয়েছে। ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও বাংলাদেশে আসতে পারবেন। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়।
অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ৩১টি দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো— সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য। ফলে এ দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। একইভাবে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও জাপান ও উজবেকিস্তানে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকা অনুযায়ী, পারস্পরিক চুক্তির শর্ত মেনে সংশ্লিষ্ট দেশগুলোর নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতির সুবিধা পাবেন। তাই বিদেশ ভ্রমণের আগে নিজ পাসপোর্টের ধরন এবং সংশ্লিষ্ট দেশের প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।