ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।
এদিকে চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৭ দিনেও দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। ওই সময়ের মধ্যে শুধু ১৭ নভেম্বর এক দিনেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৮ কোটি ১০ লাখ ডলার।
অন্যদিকে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার।
প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে নভেম্বরের প্রথম ১৮ দিনে আসা ২১৩ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ২২৩ কোটি ৬০ লাখ টাকা।
প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।