বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় চ্যালেঞ্জ, শনাক্ত ৪টি প্রধান কারণ

অর্থনীতি ডেস্ক , সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬






                                        
                                       

বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতাকে এ খাতের প্রধান চারটি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া দেশের তৈরি পোশাক রপ্তানি মূলত ইউরোপ ও উত্তর আমেরিকার দুটি অঞ্চলের ওপর নির্ভরশীল হওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। এসব অঞ্চলে ইতোমধ্যে পোশাক রপ্তানির চালান কমেছে, যার প্রভাব পড়ছে সামগ্রিক রপ্তানি আয়ে।

রোববার প্রকাশিত তৈরি পোশাক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে পোশাক রপ্তানিতে নানা চ্যালেঞ্জ থাকলেও স্বল্পমেয়াদে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

তবে সাম্প্রতিক সময়ে পোশাক খাতে মজুরি বৃদ্ধি নিয়ে সৃষ্ট অস্থিরতার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রতিবেদনটি তৈরি করে অনুমোদনের জন্য জমা দেওয়ার সময় মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয়নি। এ কারণে বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি বাজার ইউরোপ ও উত্তর আমেরিকা। এই দুটি অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে সেখানে রপ্তানি কমে গেলে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য নতুন নতুন বাজার খুঁজে বের করার পাশাপাশি উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের হার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উৎপাদনশীলতা বাড়িয়ে উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং তৈরি পোশাক শিল্পের সহনশীলতা শক্তিশালী করতে এসব পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। তবে এ শিল্পের কাঁচামাল আমদানি কমেছে। এর অন্যতম কারণ হিসেবে দেশে কাঁচামালের উৎপাদন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তবে পোশাক রপ্তানি আয় থেকে কাঁচামাল আমদানির ব্যয় বাদ দিলে নিট আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে এ হার প্রায় একই পর্যায়ে রয়েছে। প্রতি এক হাজার ডলারের পোশাক রপ্তানি আয়ের বিপরীতে প্রায় ৪০০ ডলার ব্যয় হচ্ছে কাঁচামাল আমদানিতে। ফলে নিট রপ্তানি আয় থাকছে প্রায় ৬০০ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের মোট তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৫ কোটি ডলার। এর মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ২২১ কোটি ডলারের পোশাক এবং কানাডায় ৩৫ কোটি ডলার।

ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি ডলার, জার্মানিতে ১১২ কোটি ডলার, ফ্রান্সে ৪৫ কোটি ডলার, স্পেনে ১১৪ কোটি ডলার, ইতালিতে ৩২ কোটি ডলার এবং নেদারল্যান্ডসে ৬০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

  • Kagojer patrika
  • কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন
  • তৈরি পোশাক খাত
  • পোশাক শিল্প
  • বাংলাদেশের পোশাক রপ্তানি
  • রপ্তানি আয়
  • রপ্তানি বাণিজ্য