দাগনভূঞা থানা

ফেনীর দাগনভূঞা পৌর শহরের চৌধুরীহাট সড়ক এলাকায় একই রাতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে আয়েশা মার্কেট ও এর আশপাশের এলাকায় সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চোরের দল রাতের আঁধারে দোকান ও গোডাউনের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়। চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দুটি জুতার দোকানের গোডাউন এবং দুটি মুদি পণ্যের গোডাউন।
চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা, দামি ছাতা, শিশুদের দুধ, কনফেকশনারি সামগ্রী, ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের মুদি পণ্য। প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব মালামালের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
একই রাতে পরপর চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীদের দাবি, বাজার এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় সংঘবদ্ধ চোরচক্র এমন ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন বলেন, রাতের আঁধারে চোরেরা তালা কেটে গোডাউনে ঢুকে মালামাল নিয়ে গেছে। একই রাতে চারটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজার এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করা হলে বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।