
পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের ডিপোগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে এবং পেট্রোল পাম্পে অযথা লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং তেলের সরবরাহও কমায়নি। তাই পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই। তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনের বেশি তেল না কিনে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করতে হবে। অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা দেখা দিলে ভিড় বাড়বে এবং পরিস্থিতি অযথা জটিল হয়ে উঠবে।
মন্ত্রী জানান, সরকার বর্তমানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করছে এবং গত বছরের তুলনায় এ বছর ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, ঈদের দিন এবং ঈদের পরের দিন সরকারি ছুটির কারণে ডিপোগুলো বন্ধ ছিল। এ সময় ডিপো থেকে তেল সরবরাহ সম্ভব হয়নি। ফলে কিছু কিছু পেট্রোল পাম্পে সাময়িক তেলের স্বল্পতা দেখা দিতে পারে।
তবে আজ সকাল থেকেই ডিপোগুলো আবার চালু হয়েছে এবং পেট্রোল পাম্পগুলো নিয়মিত তেল পাবে বলে জানিয়েছেন তিনি। এ কারণে এখন আর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে জনগণকে প্যানিক না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনের বেশি তেল কিনে মজুত করলে কেবল ভিড় ও দীর্ঘ লাইনের সৃষ্টি হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে এবং দ্রুত সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।