রুহুল কবির রিজভী

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার রুদ্ধদ্বার বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চেয়েছেন, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা কীভাবে দুই ঘণ্টা বৈঠক করেছেন এবং এর পেছনে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।
তিনি আরও বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না। দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির তিনজন নেতাকর্মী হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন রিজভী। তার দাবি, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়ার আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য ইশরাক হোসেন।