ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এই বৈঠক থেকে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সূচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতেও দেখা যায়। অন্যদিকে, হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে, একই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শেনজেনের কাইলিন ভিলায় এ বৈঠকে তিন দেশের নেতারা অংশ নেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি ও আন্তর্জাতিক বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।
আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্ত বা সমঝোতা আসবে, তা নিয়ে এখনো নজর রাখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।