পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনকালে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও অন্যান্য পরিবেশবান্ধব পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার ব্যবহারযোগ্য পলিথিন বন্ধে নির্দেশনা দিয়েছেন। সরকার ইতোমধ্যে পাতলা পলিথিন নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। এখন সেই আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা প্রথমে মানুষকে সচেতন করছি। এরপরও যদি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ না হয়, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, নিষিদ্ধ পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি নগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণও এই পলিথিন। তাই এ দূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শেখ ফরিদুল ইসলাম ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন মজুত, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে নিয়মিত বাজার তদারকি, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, গত ছয় মাসে পলিথিনবিরোধী ১৬৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০৬টি মামলা করা হয়েছে। এ সময় ১৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৫০ হাজার মেট্রিক টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব বাজারের ব্যাগ বিতরণ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।