স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
চলতি সময়ে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম কমায় দেশের ক্রেতাদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।