দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার উদ্যোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক , মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬






                                        
                                       

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলের কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে সেখানে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আজ দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দিনাজপুর তার কাছে একটি বিশেষ আবেগের জায়গা। এই শহরের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। তিনি বলেন, “মানুষ সাধারণত জিজ্ঞেস করে নানা বাড়ি কোথায়, কিন্তু দিনাজপুরের কথা মনে হলেই আমার কাছে নানি বাড়ির কথাটাই আগে মনে পড়ে। শহরের বালুবাড়ি ও ঘাসিপাড়ায় আমার নানা-নানির বাড়ির অনেক স্মৃতি রয়েছে।”

এলাকার প্রতি সেই আবেগ ও দায়িত্ববোধ থেকেই দিনাজপুরের উন্নয়নে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসক, চেম্বার অব কমার্সের সভাপতি ও স্থানীয় নেতারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন এবং সরকার সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর থেকেই সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, কাহারোল উপজেলা থেকে আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে নদী-নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে হঠাৎ বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। খাল ও নদী খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে কৃষিকাজে সুবিধা হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে।

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আগে যেখানে ১০০ থেকে ১৫০ ফুট গভীরে পানি পাওয়া যেত, এখন অনেক ক্ষেত্রে ৬০০ থেকে ৭০০ ফুট নিচে যেতে হচ্ছে। খাল ও নদী খননের মাধ্যমে পানি সংরক্ষণ করলে ভূগর্ভস্থ পানিও ধীরে ধীরে পুনরায় পূরণ হবে এবং আর্সেনিক সমস্যাও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের পাইলট কার্যক্রম ইতোমধ্যে দেশের ১৫টি এলাকায় শুরু হয়েছে, যার মধ্যে দিনাজপুর-৬ আসনও রয়েছে।

এছাড়া ধর্মীয় নেতাদের জন্য সম্মানীর ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খতিব এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সরকার সম্মানী চালু করেছে বলেও জানান তিনি।

সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে দিনাজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী উপস্থিত সুধীজন ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানান।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • খাল খনন কর্মসূচি বাংলাদেশ
  • তারেক রহমান দিনাজপুর সফর
  • দিনাজপুর উন্নয়ন পরিকল্পনা
  • দিনাজপুর কৃষি শিল্প পরিকল্পনা
  • ফ্যামিলি কার্ড প্রকল্প