ছবি: পিএমও

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক সেভাবে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং গুম-খুন বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
তিনি জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদের?’
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেভাবেই এখন আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতির বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।