ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের ২০২৪ সনের এমএ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পর ড. সুদীপ চক্রবর্তী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিভাগের বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আইনগত প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব ক্লাস, পরীক্ষা কমিটি এবং একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে।
এর আগে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
চিরকুটে “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে” এবং কিছু ব্যক্তিগত মন্তব্য উল্লেখ থাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়।
এ ঘটনায় মুনিরার বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ড. সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাডেমিক সিদ্ধান্ত কার্যকর থাকবে।