২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসানের পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। এবার প্রায় দুই বছর পর আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, শেখ হাসিনা দেশে ফিরলে দলটি নতুন করে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে। অন্যদিকে তিনি দেশে না ফিরলে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে পারে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সব ধরনের ঝুঁকি মাথায় নিয়েই ঘোষিত সময়ের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করছেন দলের নেতাকর্মীদের একটি অংশ। এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক বৈঠকেও আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন শীর্ষ নেতার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি তার সঙ্গে আরও অনেক নেতাকর্মী দেশে ফিরবেন—এমন ঘোষণাও এসেছে দলটির পক্ষ থেকে।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা কিংবা না ফেরা—দুই পরিস্থিতিরই বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে। তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলো বাস্তব দেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, নাকি দলীয় নেতাকর্মীদের চাঙা রাখা ও রাজনৈতিক চাপ তৈরির কৌশল—এ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
কারণ বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার পথ সহজ নয়। দেশে ফিরতে হলে তাকে বহুমুখী ঝুঁকি মোকাবিলা করতে হতে পারে। আবার ঘোষণা দেওয়ার পরও যদি তিনি দেশে না ফেরেন, তাহলে দলীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তার নেতৃত্ব নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তাদের মতে, ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে না ফিরলে ১ জানুয়ারি থেকে তার রাজনৈতিক নেতৃত্ব বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। ভবিষ্যতে দেশে ফেরার বিষয়ে তার পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা এলে সেটিও নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আগের মতো বিশ্বাসযোগ্যতা নাও পেতে পারে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো নৈতিক অবস্থান নেই। যুগান্তরকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার প্রথম দায়িত্ব ছিল মানুষের কাছে দুঃখ প্রকাশ ও অনুশোচনা করা। কিন্তু তার বক্তব্যে এখনো বলপ্রয়োগ ও জেদের প্রতিফলন দেখা যাচ্ছে।
আলালের দাবি, এই অবস্থান নিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগকে সংগঠিত করবেন—এটি বাস্তবসম্মত নয়। তিনি শেখ হাসিনার উত্তরাধিকার হিসেবে শেখ সেলিমের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন এবং শেখ সেলিমকে দেশে ফিরে আসার আহ্বান জানান।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নিষিদ্ধ রয়েছে বলেও উল্লেখ করেন আলাল। ওই নিষেধাজ্ঞার গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে এবং বিষয়টি বিচার বিভাগের এখতিয়ারাধীন হওয়ায় এ মুহূর্তে এ নিয়ে মন্তব্য করা কঠিন বলেও জানান তিনি।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং ট্রাইব্যুনালের একটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত।
তার বক্তব্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। তিনি বাংলাদেশে এলে বিমানবন্দরেই গ্রেপ্তার হতে পারেন এবং এরপর ট্রাইব্যুনালের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলেও দাবি করেন তিনি।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম আরও বলেন, ট্রাইব্যুনাল আইনে রায়ের কপি পাওয়ার ৩০ দিন পর আপিলের সুযোগ থাকে না। তার দাবি, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের আর কোনো সুযোগ নেই।
সব মিলিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শেষ পর্যন্ত দেশে ফিরবেন কি না, ফিরলে কী ধরনের রাজনৈতিক ও আইনি পরিস্থিতির মুখোমুখি হবেন এবং না ফিরলে তার রাজনৈতিক নেতৃত্ব কতটা প্রভাবিত হবে—এসব প্রশ্ন এখন সামনে রয়েছে।