রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জনকে আটক করা হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে। এছাড়া হাতিরঝিল থেকে ১০ জন, আদাবর থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৬ জন, তেজগাঁও থানা এলাকা থেকে ৪ জন এবং শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা, সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।