ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের চিন্তাভাবনা জানতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এতে ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময়ে বসবেন পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাই আমন্ত্রণ পেয়েছেন।
তিনি আরও জানান, সভায় ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি এবং আগামীর নেতৃত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
এর আগে বুধবার ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ আয়োজনের বিষয়টি জানান। তিনি বলেন, পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে।