জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত? যা জানালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক , সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬






                                        
                                       
সংগৃহীত

রাজনৈতিক টানাপোড়েনের কারণে বারবার পিছিয়েছে ভারতের বাংলাদেশ সফর। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যকার এই সিরিজ আয়োজনের আলোচনা চললেও এখনো চূড়ান্ত সূচি নির্ধারণ করা সম্ভব হয়নি। নতুন করে আগামী জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার ফাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও ভারতের সফর নিয়ে এখনই নিশ্চিত কোনো তথ্য দিতে চাননি তিনি।

সোমবার (২৩ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’

এদিকে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও শুভমান গিলরা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ভারত সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল। দীর্ঘ বিরতির পর আবারও দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

  • Kagojer patrika
  • তামিম ইকবাল
  • বাংলাদেশ ক্রিকেট
  • বাংলাদেশ ভারত ক্রিকেট
  • বিরাট কোহলি
  • ভারত-বাংলাদেশ সিরিজ
  • ভারতের বাংলাদেশ সফর