আসন্ন পবিত্র ঈদুল ফিতর-এর প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবারের জামাতের বিশেষ আকর্ষণ হচ্ছে— রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে এখানে নামাজ আদায় করবেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। এ কারণে এবারের ঈদ জামাত বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম, আতিকুর রহমান রুমন, মনজুর মোর্শেদ চৌধুরী, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং মো. সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক জানান, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিম এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় গেট সীমিত রাখা হলেও নামাজ শেষে দ্রুত প্রস্থান নিশ্চিত করতে সব গেট খুলে দেওয়া হবে।
আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
নগরবাসীর প্রতি নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।