ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ভক্তদের জন্য নতুন সুখবর দিয়েছেন। নিজের জন্মদিনে নতুন কাজের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে।
শুক্রবার (২০ নভেম্বর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সুখবরটি জানান বুবলী।
পোস্টে তিনি লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’-এ।
এ সময় নিজেদের প্রথম কাজের পোস্টারও উন্মোচন করেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, এই অর্জন তাঁদের নতুন যাত্রায় অনেক আনন্দ ও অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনেও আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।
উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, এরপর চলচ্চিত্রের নায়িকা—বুবলীর ক্যারিয়ার যাত্রা ছিল বেশ বৈচিত্র্যময়। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ধীরে ধীরে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
বুবলীর ক্যারিয়ারে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা রয়েছে। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও পর্দায় গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সর্বশেষ বুবলীকে দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’।