চট্টগ্রামের শেষ প্রান্ত ও কক্সবাজার জেলার সূচনালগ্নে ছনুয়া ও জলকদর খালের মোহনায় অবস্থিত ছনুয়া-পুঁইছড়ি বেইলি সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং লবণাক্ত পরিবেশের প্রভাবে ক্ষয়ে ১৩০ মিটার দীর্ঘ সেতুটির প্রায় ৯৫ শতাংশ লোহার পাটাতন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সেতুর এক পাশে কোনোমতে কাঠ বিছিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর কাছে সেতুটি এখন ‘পঙ্গু সেতু’ নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে সেতুটি নির্মাণ করা হয়। এরপর লবণবোঝাই ট্রলি চলাচলের কারণে পাটাতন ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ২০১৭ সালে উপজেলা পরিষদের উদ্যোগে একবার সংস্কার করা হলেও লবণাক্ত পরিবেশের প্রভাবে কয়েক বছরের মধ্যেই পাটাতনে আবার মরিচা ধরে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থায়ী সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
সেতুর অধিকাংশ পাটাতন নষ্ট, পারাপারে চরম ঝুঁকি
সরেজমিনে দেখা গেছে, সেতুটির অধিকাংশ স্থানে লোহার পাটাতন নেই। ভাঙা অংশে তৈরি হয়েছে গভীর ফাঁক। দুই প্রান্তের সংযোগস্থল থেকেও সরে গেছে মাটি। যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে পারাপারও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রতিদিন ছনুয়া ও পুঁইছড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষের পাশাপাশি ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করে। প্রতিষ্ঠানগুলো হলো—রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা, পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনুয়া কাদেরিয়া উচ্চবিদ্যালয় এবং ছনুয়া ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি সেতু পারাপারের সময় রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর পা নষ্ট পাটাতনের ফাঁকে আটকে যায়। এতে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় সেতুটি দিয়ে চলাচলকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংস্কারের অভাবে ক্ষোভ স্থানীয়দের
মৎস্যজীবী নুরুল হুদা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সেতুর নিচে দাঁড়িয়ে ওপরে তাকালেই আসমান দেখা যায়। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে থাকলেও কারও মাথাব্যথা নেই।’
ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ‘মানুষের দুর্ভোগ দেখে গত বছর আমি ব্যক্তিগত অর্থায়নে কাঠ দিয়ে সেতুটির এক পাশ জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছিলাম। সেটিও এখন নড়বড়ে হয়ে গেছে।’
ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী বলেন, ‘সেতুটির বিষয়ে এলজিইডি অফিসে গিয়ে বহুবার ধরনা দিয়েছি। প্রতিবারই কর্মকর্তারা এসে পরিদর্শন করেন, মাপজোখ করেন; কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এলাকার মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে।’
নতুন সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফরাদ বিন মুনীর বলেন, ‘বেইলি সেতুর কোনো প্রকল্প বর্তমানে চালু নেই। ওই জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রাক্কলন প্রস্তুত করে পাঠিয়েছি। বাঁশখালী থেকে গুরুত্বপূর্ণ মোট পাঁচটি সেতুর তালিকা পাঠানো হয়েছে, এর মধ্যে এই সেতুটিও রয়েছে। আশা করছি, দ্রুতই ডিপিপি পাস হয়ে আসবে।’
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন দুই ইউনিয়নের বাসিন্দারা, নিরাপদ হবে শিক্ষার্থীদের যাতায়াতও।