গোপালগঞ্জসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিজিটাল ডেস্ক , মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবির বার্তায় বলা হয়, মঙ্গলবার শুধু গোপালগঞ্জ জেলাতেই দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। অন্যদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়ও বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • Kagojer patrika
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি
  • গোপালগঞ্জ
  • জননিরাপত্তা
  • বাংলাদেশ
  • বিজিবি
  • বিজিবি মোতায়েন