কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে নতুন পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট জেমিনির সঙ্গে যুক্ত করার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের আর্থিক তথ্য বিশ্লেষণ, খরচের হিসাব এবং ব্যক্তিগত বাজেট তৈরিতে এআই চ্যাটবটটির সহায়তা নিতে পারবেন।
এনগ্যাজেটের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে জেমিনি ব্যবহারকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চ্যাটবটটির সঙ্গে যুক্ত করতে পারবেন।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অর্থায়ন ও ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন পরামর্শ পাবেন। তবে মেটার মিউজের মতো এটি সরাসরি কেনাকাটায় সহায়তা করবে না কিংবা ব্যবহারকারীর হয়ে কোনো আর্থিক লেনদেন পরিচালনা করবে না।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জেমিনিকে করতে পারবেন। এমনকি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ও অতিরিক্ত খরচ শনাক্ত করেও অর্থ সাশ্রয়ে সহায়তা করতে পারে চ্যাটবটটি।
গুগলের দেওয়া উদাহরণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বেড়ে গেলে জেমিনি সেটি শনাক্ত করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরির নির্দেশ দিতে পারবেন। এ ক্ষেত্রে ক্যাশ ফ্লো, সম্পদ বণ্টনসহ বিভিন্ন আর্থিক তথ্যের গতিশীল চার্টও দেখাবে জেমিনি।
এ ছাড়া ছুটির দিনের ভ্রমণ বা অন্যান্য পরিকল্পনার জন্য বাজেট তৈরিতেও সহায়তা করতে পারবে নতুন এই ফিচার।
তবে ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল তথ্য দিতে পারে। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে এমন ভুল ব্যবহারকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
গুগল জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় জেমিনি কেবল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পড়তে পারবে। এটি কোনো অর্থ স্থানান্তর, পরিচালনা কিংবা বিনিয়োগ করতে পারবে না। ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সেটিংস থেকে এটি চালু বা বন্ধ করতে পারবেন।
ওয়েব ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই পর্যায়ক্রমে চালু হচ্ছে এই ইন্টিগ্রেশন। ব্যবহারকারীদের আরও বিস্তারিত আর্থিক তথ্য ও বিশ্লেষণ দিতে ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের (Plaid) সঙ্গেও অংশীদারত্ব করেছে গুগল। তবে এ অংশীদারত্বের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।