বিশ্বজুড়ে গুগল ও অ্যাপলের বিভিন্ন ডিজিটাল সেবায় আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে। গুগলের জনপ্রিয় ইমেইল পরিষেবা জিমেইল এবং অ্যাপলের অ্যাপ স্টোর, আইক্লাউড, অ্যাপল পে ও অ্যাপল মিউজিক ব্যবহারে সমস্যায় পড়েছেন অনেক ব্যবহারকারী। জনপ্রিয় সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে হাজারো ব্যবহারকারী এ সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন।
তবে এই প্রযুক্তিগত বিভ্রাটের পেছনে সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা রয়েছে—এমন আশঙ্কা নাকচ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে। এর আগে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা, মাইক্রোসফট আউটলুক এবং অফিসের মতো গুরুত্বপূর্ণ সেবায় সমস্যা দেখা দিয়েছিল।
গত সপ্তাহে মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা ইমেইল অ্যাকাউন্ট ও অন্যান্য অ্যাপ ব্যবহারে ভোগান্তিতে পড়েন। এর পরদিনই যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশজুড়ে সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়।
ধারাবাহিক এসব ঘটনার মধ্যে এবার গুগল ও অ্যাপলের সেবায় বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নিজস্ব সিস্টেম স্ট্যাটাস পেজেও অ্যাপ স্টোর ও অ্যাপল মিউজিকের সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশেষ করে আইক্লাউডে লগইন করতে গিয়ে অনেক ব্যবহারকারী সমস্যায় পড়েন। আইক্লাউডে সাধারণত ছবি, বার্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হয়।
এ বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, বুধবার সকালে একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু সেবায় বিভ্রাট দেখা দিয়েছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় অনেক সিস্টেম ইতোমধ্যে সচল হয়েছে।
তিনি বলেন, বাকি সিস্টেমগুলোও যত দ্রুত সম্ভব অনলাইনে ফিরিয়ে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক এই বিভ্রাটের সঙ্গে কোনো সাইবার হামলার সম্পর্ক নেই।
অন্যদিকে, জিমেইল পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে গুগল জানিয়েছে, তাদের কাছে সেবাটিতে বড় ধরনের ব্যাপক বিঘ্নের সুনির্দিষ্ট প্রমাণ নেই।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক গুগলের এক মুখপাত্রের বরাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত দলগুলো পরিষেবার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ ছাড়া জিমেইলসহ গুগলের বিভিন্ন সেবার সর্বশেষ অবস্থা জানতে ব্যবহারকারীদের গুগল ওয়ার্কস্পেস স্ট্যাটাস ড্যাশবোর্ড নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।