আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। চুক্তি শেষ হওয়ার আগে গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় দুই দেশের যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা আলোচনা না হলেও পুরোনো চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে নতুন শর্ত এবং দুই দেশের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন চুক্তি নবায়নের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটাতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
চুক্তি অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে প্রতি ১০ দিন অন্তর দুই দেশ গঙ্গার পানি ভাগাভাগি করে নেয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পরিমাণ পানি পায়। পানির প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং বাকি পানি পায় বাংলাদেশ।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত দুই দেশ পালাক্রমে নিশ্চিতভাবে ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।
তবে সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং নদীর পানিপ্রবাহের পরিবর্তিত বাস্তবতায় ১৯৯৬ সালের চুক্তির শর্তগুলো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। নতুন চুক্তি নিয়ে আলোচনায় ভারত ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর রাখার আগ্রহও রয়েছে ভারতের।
অন্যদিকে বাংলাদেশের চাওয়া, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত নিশ্চিতভাবে ৪০ হাজার কিউসেক পানি পাওয়া এবং দীর্ঘমেয়াদি চুক্তি নিশ্চিত করা। একই সঙ্গে ১৯৭৭ সালের চুক্তির মতো শুষ্ক মৌসুমে ন্যূনতম পানির নিশ্চয়তা বা ‘মিনিমাম গ্যারান্টি’ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও রয়েছে।
তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে ভারতের গবেষকদের মধ্যে। ভারতের গবেষক নীলাঞ্জন ঘোষের মতে, পানির প্রবাহ কম থাকলেও নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা থাকলে উজানের দেশ হিসেবে ভারতের ওপর বড় চাপ তৈরি হবে। ফলে এমন শর্ত মেনে নিতে দিল্লির অনীহা থাকতে পারে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে দুই দেশের শীতল কূটনৈতিক সম্পর্কও বড় বাধা হয়ে উঠেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করলেও চুক্তি নবায়নের বিষয়ে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির কারণে গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও বাতিল হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের অভ্যন্তরেও চুক্তি নবায়ন নিয়ে আপত্তি রয়েছে। গত আগস্টে বিজেপির শরিক দল জনতা দল (ইউনাইটেড) দাবি করে, গঙ্গা পানিবণ্টন চুক্তি বিহারের স্বার্থের পরিপন্থী। তাই দলটির পক্ষ থেকে চুক্তিটি নবায়ন না করার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তও বাংলাদেশকে সতর্ক অবস্থানে রেখেছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু পুরোনো চুক্তির শর্ত নবায়ন করলেই বর্তমান পরিস্থিতির সমাধান হবে না। জলবায়ু পরিবর্তন, শুষ্ক মৌসুমে পানির প্রবাহ এবং দুই দেশের ক্রমবর্ধমান পানির চাহিদা বিবেচনায় নিয়ে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে পানির প্রবাহসংক্রান্ত তথ্য আদান-প্রদান আরও স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান শ্রীনিবাস চোক্কাকুলার মতে, ১৯৯৬ সালে চুক্তি সম্পাদনের সময় দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সদিচ্ছা কাজ করেছিল, বর্তমান পরিস্থিতিতেও তেমন আস্থা ও সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।
সব মিলিয়ে, গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা কতটা এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পানির ন্যায্য হিস্যা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে একটি টেকসই চুক্তি করা এখন সময়ের দাবি।