শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার বা আঁশজাতীয় খাবার রাখা জরুরি। হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখা, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করা এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবার।
ফাইবারের ভালো উৎস হিসেবে খেজুর বেশ পরিচিত। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার পাওয়া যায়। তবে খেজুর ছাড়াও এমন কিছু খাবার রয়েছে, যেগুলোতে আরও বেশি পরিমাণে ফাইবার পাওয়া সম্ভব।
প্রাকৃতিক মিষ্টি স্বাদের কারণে অনেকের কাছে খেজুর পছন্দের খাবার নয়। আবার ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে কেউ কেউ খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন। তাঁদের জন্য ফাইবারের চাহিদা পূরণে বিকল্প হতে পারে কয়েকটি খাবার।
মসুর ডাল
ফাইবারের চমৎকার উৎস মসুর ডাল। এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে রয়েছে প্রোটিন, ফোলেট, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। স্যুপ, স্ট্যু, সালাদ কিংবা বিভিন্ন নিরামিষ পদের মাধ্যমে প্রতিদিনের খাদ্যতালিকায় মসুর ডাল রাখা যায়।
অ্যাভোকাডো
স্বাস্থ্যকর চর্বি ও ফাইবারের সমন্বয়ে অ্যাভোকাডো একটি পুষ্টিকর ফল। একটি মাঝারি আকারের আস্ত অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। এতে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের ফাইবারই রয়েছে। এগুলো অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে ভূমিকা রাখে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, ফোলেট ও মনোআনস্যাচুরেটেড ফ্যাট।
চিয়া সিড
আকারে ছোট হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড। এতে থাকা দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে। মাত্র দুই টেবিল চামচ চিয়া সিড থেকেই দৈনিক ফাইবারের চাহিদার উল্লেখযোগ্য অংশ পাওয়া যায়।
দই, ওটমিল কিংবা দুধের সঙ্গে মিশিয়ে চিয়া সিড খাওয়া যায়। চাইলে সারারাত দুধে ভিজিয়ে চিয়া পুডিং তৈরি করা যায়। এছাড়া প্যানকেক বা মাফিন তৈরিতেও এটি ব্যবহার করা সম্ভব।
নাশপাতি
ফাইবারের চাহিদা পূরণে নাশপাতিও ভালো একটি বিকল্প। এ ফল খাওয়ার সময় খোসা ফেলে না দেওয়াই ভালো। কারণ নাশপাতির খোসায় উল্লেখযোগ্য পরিমাণ ফাইবার থাকে। বিশেষ করে এতে থাকা পেকটিন নামের দ্রবণীয় ফাইবার হজমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী ভূমিকা রাখতে পারে।
সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফাইবার রাখা প্রয়োজন। খেজুরের পাশাপাশি মসুর ডাল, অ্যাভোকাডো, চিয়া সিড ও নাশপাতির মতো খাবার খাদ্যতালিকায় যুক্ত করলে ফাইবারের ভালো উৎস পাওয়া সম্ভব।
তবে একবারে অতিরিক্ত ফাইবার না খেয়ে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি।