খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজেস্ব প্রতিবেদক , সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬






                                        
                                       
ছবি: সংগৃহীত

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র জানতে বিএনপি নেতাদের ঢাকায় ডেকে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সামগ্রিক পরিস্থিতি শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

গত শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় হঠাৎ করে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ জানতে চান। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে নেতাদের পরামর্শ চান। বিএনপি নেতারা খুলনা শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি খুলনায় সন্ত্রাসী গ্রুপগুলোর তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় ৮৬টি হত্যাকাণ্ড ঘটে। আর গত সাড়ে ১০ মাসে ৭৮ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ২৬ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে শতাধিক মানুষকে।

এদিকে সম্প্রতি শহরে চাঁদাবাজির ঘটনাও বেড়েছে। চাঁদা না দেওয়ায় দুটি ক্লিনিকসহ ছয়টি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আতঙ্কে বন্ধ রয়েছে অনেক ফার্মেসি। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি শুরু করেছে প্রতারক আরেকটি চক্র।

গত শনিবারের বৈঠকে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। তিনি মনোযোগ দিয়ে সব শুনেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রধানমন্ত্রী তাদের ফিরে গিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। বাকি বিষয়গুলো দ্রুত দেখার আশ্বাসও দিয়েছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

  • Kagojer patrika
  • আইনশৃঙ্খলা
  • খুলনা
  • খুলনা বিএনপি
  • চাঁদাবাজি
  • তারেক রহমান
  • সন্ত্রাস