কোনো একটি খাবার একা ক্যানসার প্রতিরোধ বা নিরাময় করতে পারে না। তবে সুষম ও উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস ক্যানসারের সামগ্রিক ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। শাকসবজি শরীরে প্রয়োজনীয় আঁশ, ভিটামিন ও বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান সরবরাহ করে। পাশাপাশি স্বাস্থ্যকর ওজন ধরে রাখতেও ভূমিকা রাখে।
‘নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যানসারের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিরোধ করা সম্ভব। এদিকে ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত আটটি সবজির কথা তুলে ধরেছেন। পাশাপাশি এসব সবজি রান্নার কিছু পদ্ধতিও জানিয়েছেন তিনি।
চিকিৎসক তাঁর পোস্টে উল্লেখ করেন, ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত কিছু সবজি আমরা অনেক সময় ভুল পদ্ধতিতে রান্না করি। সঠিকভাবে রান্না করলে এসব সবজির পুষ্টিগুণ ভালোভাবে পাওয়া যেতে পারে।
রসুন খাওয়ার সঙ্গে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। এর উপকারী উপাদানগুলোর কার্যকারিতা বজায় রাখতে রসুন কুচি বা থেঁতো করে প্রায় ১০ মিনিট রেখে দেওয়ার পর রান্নায় ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। রান্নার একেবারে শেষ দিকে রসুন যোগ করলেও এর কিছু উপকারী উপাদান অক্ষত থাকতে পারে। কাঁচা থেঁতো রসুন রায়তা বা দইয়ের সালাদেও মিশিয়ে খাওয়া যায়।
পেঁয়াজে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান ও উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ। বিশেষ করে পেঁয়াজের বাইরের স্তরে এসব উপাদানের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। প্রতিদিনের খাবারে কাঁচা পেঁয়াজ, সালাদ বা রায়তা রাখা যেতে পারে। পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনিও তৈরি করা যায়। অল্প আঁচে হালকা রান্না করলে এর পুষ্টিগুণের বড় একটি অংশ বজায় থাকতে পারে।
টমেটো রান্না করলে এর লাইকোপিন শরীরের জন্য সহজলভ্য হতে পারে। লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী একটি প্রাকৃতিক উপাদান, যা বিভিন্ন স্বাস্থ্যগত উপকারের সঙ্গে সম্পর্কিত। সামান্য তেল দিয়ে টমেটো রান্না করলে লাইকোপিন শোষণে সহায়তা হতে পারে। তবে বাজারে পাওয়া টমেটো কেচাপে অতিরিক্ত চিনি ও লবণ থাকতে পারে। তাই কেচাপ খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা প্রয়োজন।
গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা শরীরে ভিটামিন এ তৈরিতে সহায়তা করে। সামান্য তেল দিয়ে গাজর হালকা রান্না করলে এর ক্যারোটিনয়েড উপাদান শরীরে শোষণ সহজ হতে পারে। কাঁচা গাজরের পাশাপাশি রান্না করা গাজরও খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
ফুলকপি ক্রুসিফেরাস গোত্রের একটি পুষ্টিকর সবজি। এর পুষ্টিগুণ ধরে রাখতে ভাপে সেদ্ধ করা বা অল্প সময় নেড়েচেড়ে রান্না করা ভালো। দীর্ঘ সময় পানিতে সেদ্ধ করলে কিছু পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান পানিতে চলে যেতে পারে। ডাল বা মটরশুঁটির সঙ্গে ফুলকপি রান্না করেও খাওয়া যায়।
ফুলকপির মতো বাঁধাকপিও ক্রুসিফেরাস গোত্রের সবজি। রান্নার আগে ভালোভাবে ধুয়ে অল্প সময় নেড়েচেড়ে রান্না করা বা ভাপে সেদ্ধ করা যেতে পারে। অতিরিক্ত সেদ্ধ করে পানি ফেলে দিলে এর কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে। তাই রান্নার সময় অতিরিক্ত তাপ ও দীর্ঘ সময় এড়িয়ে চলা ভালো।
ব্রকলি রান্নার ভালো পদ্ধতি হলো অল্প সময় ভাপে সেদ্ধ করা। সাধারণত তিন থেকে চার মিনিট ভাপে রাখলে এটি কিছুটা মচমচে ও উজ্জ্বল সবুজ থাকে। ব্রকলিতে থাকা সালফোরাফেনসহ বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান নিয়ে গবেষণা হয়েছে। রান্নার পর সামান্য সরিষা গুঁড়া যোগ করার পরামর্শও দিয়েছেন চিকিৎসক। তবে অতিরিক্ত তাপে রান্না করলে কিছু উপকারী উপাদান ও এনজাইমের কার্যকারিতা কমতে পারে।
মাশরুম খাওয়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি কমার সম্পর্ক নিয়ে কিছু গবেষণা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, মাশরুম কাঁচা না খেয়ে রান্না করে খাওয়া ভালো। অল্প তেলে কয়েক মিনিট ভেজে বা গ্রিল করে খাওয়া যায়। মাশরুম ও মটরশুঁটির তরকারি কিংবা অমলেটেও এটি ব্যবহার করা সম্ভব। তবে বনে বা খোলা জায়গায় পাওয়া অপরিচিত মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ কিছু বুনো মাশরুম বিষাক্ত হতে পারে।
চিকিৎসক অর্জুন শঙ্করনের মতে, প্রতিদিন এই আট ধরনের সবজি খাওয়ার প্রয়োজন নেই। বরং খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি মিলিয়ে প্রতিদিন প্রায় ৪০০ গ্রাম বা পাঁচ মুঠো পরিমাণ রাখার লক্ষ্য নেওয়া যেতে পারে। এতে শরীর বিভিন্ন সবজির আলাদা পুষ্টিগুণ পাওয়ার সুযোগ পায়।
সবশেষে মনে রাখা জরুরি, কোনো একটি সবজি বা খাবার ক্যানসার প্রতিরোধ কিংবা নিরাময়ের নিশ্চয়তা দেয় না। ক্যানসারের ঝুঁকি কমাতে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।
সূত্র: এনডিটিভি