দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। তবে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। কোনো তৃতীয়পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।’ শনি ও রোববার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।
রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পালটা কর্মসূচি হবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঘিরেও রাজপথে সতর্ক থাকবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে পথে যাচ্ছে না দলটি। জানা গেছে, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি কিংবা সাংস্কৃতিক কর্মসূচির মতো রাজনৈতিক কার্যক্রম পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি ও তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে রুহুল কবির রিজভী রাতে যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে অঙ্গসংগঠনের বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
এর আগে শনিবার আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ‘দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এ ক্ষেত্রে যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।’
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
এদিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়ার বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী।