পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষ করে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এখানে নিরাপত্তা সুইপিং এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
যাত্রী হয়রানি রোধে টিকিট কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এছাড়া শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুর বড় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভার্চুয়াল জগতে গুজব, উস্কানিমূলক বা ভুয়া তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করছে।
এদিকে র্যাব ফোর্সেসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর জাতীয় ঈদগাহ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন।