শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ঈদের আগে দেশের শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ও বোনাস পেয়েছেন, যা বর্তমান সরকারের সদিচ্ছার ফল।
বৃহস্পতিবার সকালে সিলেট-এর শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব এবং শুধু দেশের শ্রমিক নয়, বিদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের কল্যাণেও কাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির শুরু থেকেই সরকার প্রবাসীদের পাশে রয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে দেশে তাদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। এ ধরনের চক্র শনাক্ত করা হয়েছে এবং প্রবাসীদের পরিবারকে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে।
মন্ত্রী জানান, বন্ধ শ্রমবাজার চালু করা এবং শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে। আগামী মাস থেকেই বিদেশগামী শ্রমিকদের জন্য ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং এ ধরনের চক্র নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী, মো. সারওয়ার আলম এবং রেজাই রাফিন সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।