পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর-এর তারিখ নির্ধারণে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার ইসলামিক ফাউন্ডেশন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এদিকে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এ ক্ষেত্রে নির্ধারিত ফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করা যেতে পারে। এছাড়া স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে বলে জানানো হয়েছে।