আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ঈদ উপলক্ষে রাজধানীর বিপুল সংখ্যক মানুষ ঢাকার বাইরে যাবেন। তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে মো. সরওয়ার জানান, রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। এসব স্থানে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-সহ তিনটি বাস টার্মিনালে প্রায় ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি প্রায় ৬০০ অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
লক্কড়ঝক্কর যানবাহন চলাচল বন্ধে ট্রাফিক বিভাগের সহায়তায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যাত্রী হয়রানি, টিকিট কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাস ও লঞ্চ টার্মিনালে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নয়টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, রপ্তানি পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
ডিএমপি জানিয়েছে, ১৬ মার্চ থেকে ঈদযাত্রা সহজ করতে কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার না খাওয়া এবং নিজের মালামাল ও নগদ অর্থ নিজের হেফাজতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ফাঁকা রাজধানীতে মোটর রেসিং বন্ধে বিশেষ নজরদারির কথাও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। গতিসীমা লঙ্ঘন ও মোটর রেসিং প্রতিরোধে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আব্দুল্লাহপুর সড়ক এবং গুলশান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এছাড়া ঈদের সময় বাড়ি ছাড়ার আগে বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম এবং যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।