
সন্তান লাভের আশায় অনেক দম্পতি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সহায়তা নিয়ে থাকেন। বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত এমনই একটি পদ্ধতি হলো টেস্টটিউব বেবি বা আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন)। তবে এই পদ্ধতিতে সন্তান নেওয়া ইসলামে বৈধ কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
টেস্টটিউব বেবি মূলত আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের মাধ্যমে জন্ম নেওয়া শিশু। এ প্রক্রিয়ায় নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু নারীর শরীরের বাইরে পরীক্ষাগারে নিষিক্ত করে ভ্রূণ তৈরি করা হয়। পরে সেই ভ্রূণ নারীর জরায়ুতে স্থাপন করা হয়। ভ্রূণ জরায়ুতে স্থাপনের পর স্বাভাবিক গর্ভাবস্থার মতোই শিশুর বৃদ্ধি ঘটে।
সাধারণত ফ্যালোপিয়ান টিউবে সমস্যা, শুক্রাণুর জটিলতা কিংবা অন্য কোনো কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব না হলে চিকিৎসকেরা এ পদ্ধতির পরামর্শ দিয়ে থাকেন।
ইসলামি শরিয়ত অনুযায়ী, টেস্টটিউব বেবি নেওয়া সব ক্ষেত্রে নিষিদ্ধ নয়। স্বামী-স্ত্রীর নিজস্ব শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করে বৈবাহিক সম্পর্ক চলাকালে ভ্রূণ তৈরি এবং স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে তা বৈধ বলে মত দিয়েছেন অনেক ইসলামি আলেম।
তবে স্বামী-স্ত্রীর বাইরে অন্য কোনো ব্যক্তির শুক্রাণু, ডিম্বাণু কিংবা ভ্রূণ ব্যবহার করা শরিয়তসম্মত নয় বলে অধিকাংশ সমসাময়িক ইসলামি ফিকহ কাউন্সিল মত দিয়েছে। একইভাবে অন্য নারীর জরায়ুতে স্বামী-স্ত্রীর ভ্রূণ স্থাপন বা সারোগেসি নিয়েও ইসলামি বিধিনিষেধ রয়েছে।
এ ছাড়া বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর সংরক্ষিত ভ্রূণ ব্যবহার করে সন্তান নেওয়ার বিষয়েও শরিয়তগত জটিলতা রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে যোগ্য ইসলামি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়া ইসলামে নাজায়েজ নয়। তবে এ প্রক্রিয়ায় কোনো ধরনের হারাম কাজ থাকা যাবে না।
তিনি এ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, চিকিৎসার সময় শরিয়তের বিধান অনুযায়ী সতরের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। হস্তমৈথুনের মাধ্যমে বীর্য সংগ্রহ করা যাবে না; স্বাভাবিক প্রক্রিয়ায় তা সংগ্রহ করতে হবে। এ ছাড়া স্বামী-স্ত্রী ছাড়া অন্য কারও বীর্য ব্যবহার করা যাবে না।
সুতরাং, সন্তান লাভের জন্য আইভিএফ পদ্ধতি গ্রহণের আগে চিকিৎসাগত বিষয়গুলোর পাশাপাশি ইসলামি শরিয়তের বিধানও বিবেচনা করা জরুরি। এ ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক ও যোগ্য আলেমের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়াই উত্তম।