ইরানের সঙ্গে চলমান ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটাতে এবার সরাসরি রিপাবলিকান প্রশাসনের মুখোমুখি হতে চলেছেন মার্কিন ডেমোক্র্যাটরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা।
ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দীর্ঘস্থায়ী এই যুদ্ধের অবসান ঘটাতে কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে হোয়াইট হাউসকে চ্যালেঞ্জ জানাতে চান ডেমোক্র্যাটরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এবং যুদ্ধ প্রায় শেষের পথে। তবে ট্রাম্প প্রশাসন এখনো ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ বজায় রেখেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। কোনো ধরনের আপস ছাড়াই পূর্ণ বিজয় অর্জনে অনড় অবস্থানে রয়েছে হোয়াইট হাউস।
অন্যদিকে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং যুদ্ধ বন্ধের দাবিকে সামনে রেখে ডেমোক্র্যাটরা সর্বশক্তি দিয়ে মাঠে নামতে চাইছেন। ট্রাম্পের অনমনীয় নীতির মোকাবিলায় তারা মূলত তিনটি কৌশল সাজিয়েছেন।
প্রথমত, কংগ্রেসে আইন পাসের মাধ্যমে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় এবং সেই ভেটো অতিক্রম করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হওয়ায় এ পথে সফলতা পাওয়া কঠিন।
দ্বিতীয়ত, সংসদীয় তদন্ত ও কঠোর নজরদারির মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে চাপে রাখা। আর তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে বাজেট বা সরকারি তহবিল বরাদ্দের নিয়ন্ত্রণ ব্যবহার করতে চান তারা।
রাজনীতিতে ‘পাওয়ার অব দ্য পার্স’ নামে পরিচিত বাজেট নিয়ন্ত্রণের ক্ষমতা কাজে লাগিয়ে ইরান যুদ্ধের আর্থিক রসদ আটকে দিতে চান ডেমোক্র্যাটরা। তবে এই কৌশল কার্যকর হলেও এতে বড় ধরনের ঝুঁকি রয়েছে। বাজেট নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হলে সরকারি কার্যক্রম ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়তে পারে সাধারণ সরকারি চাকরিজীবী ও জনকল্যাণমূলক কর্মসূচিতে।
পাশাপাশি, এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলার সুযোগ পেতে পারে।
হরমুজ প্রণালির অচলাবস্থা, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং ওয়াশিংটনের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব—সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। নতুন কংগ্রেসের পূর্ণ কার্যক্রম শুরু হলে ইরান যুদ্ধ বন্ধের প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: দ্য ইকোনমিস্ট