ইরানের শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক , সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬






                                        
                                       
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তেহরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা কঠিন কোনো বিষয় নয়। যুক্তরাষ্ট্রকে শুধু ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে, যেগুলো আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ভুল স্বীকার করলে এবং পূর্বের প্রতিশ্রুতি পূরণ করলেই বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব। অতীতের যুদ্ধগুলো প্রমাণ করেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এ অঞ্চলের দেশগুলোর মধ্য থেকেই নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

কাতারের একটি প্রতিনিধিদলের তেহরান সফর নিয়ে প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, এ ধরনের সফর নিয়মিত ঘটনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যস্থতাকারীরা বিভিন্ন ধারণা ও প্রস্তাব বিনিময়ের জন্য নিয়মিত যাতায়াত করেন।

তিনি আরও বলেন, ইরানের অবস্থান স্পষ্ট। দেশটির দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকার পাশাপাশি ইরান আলোচনার পথও খোলা রেখেছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে আরাঘচি বলেন, এ বিষয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তিনি আঞ্চলিক আলোচনা ও মধ্যস্থতার প্রচেষ্টাকে সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবরোধ প্রত্যাহারের একটি যৌক্তিক পথ বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ওমানের ভূমিকার প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। চার দিন আগে ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত থাকবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরুর চার দিন পর গত ১২ জুলাই হরমুজ প্রণালি আবারও বন্ধ করার পদক্ষেপ নেয় তেহরান।

এদিকে গাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আরাঘচি। এ বিষয়ে আলোচনার জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছেন তিনি। গাজায় চলমান পরিস্থিতিকে ‘নীরব গণহত্যা’ উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখার অভিযোগ তোলেন তিনি।

অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছে দুই ঘণ্টা আলোচনা করেছে। কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে কাতারের সঙ্গে অনলাইন ও সরাসরি আলোচনা চলছে। তবে এ বিষয়ে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

  • Kagojer patrika
  • আব্বাস আরাঘচি
  • ইরান
  • ইরান যুক্তরাষ্ট্র
  • মধ্যপ্রাচ্য সংকট
  • যুক্তরাষ্ট্রের অবরোধ
  • হরমুজ প্রণালি