ছবি: সংগৃহীত

ইরানের কাছ থেকে তেল কেনার অভিযোগে চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞাকে অকার্যকর ঘোষণা করেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ আদেশ জারি করে জানিয়েছে, চীনের ভূখণ্ডে ওই মার্কিন নিষেধাজ্ঞার কোনো বৈধতা থাকবে না।
এর আগে ইরানের সঙ্গে তেল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পাঁচটি বড় চীনা কোম্পানির ওপর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে তাদের স্বাভাবিক আর্থিক লেনদেন বাধাগ্রস্ত করার উদ্যোগ নেওয়া হয়।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের দেশের আইন জোর করে অন্য দেশের ওপর প্রয়োগ করা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা চীনা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছে বেইজিং।
চীন জানিয়েছে, দেশটির কোম্পানিগুলোর বৈধ অধিকার রক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ববাজারে প্রভাব পড়ার আশঙ্কা
ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা চীনের ছোট-বড় স্বাধীন শোধনাগারগুলো। ফলে চীনের এই সিদ্ধান্ত ইরানের সঙ্গে তেল বাণিজ্য অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এতদিন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল বাণিজ্যের ওপর চাপ তৈরি করে আসছিল। তবে এবার চীন সরাসরি আইনি পদক্ষেপ নিয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে নিজেদের দেশে অকার্যকর ঘোষণা করায় দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।
এর ফলে ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখার পথ আরও সহজ হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বও আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: মেহের নিউজ।