ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে পাঁচজনকে স্থায়ী, দুজনকে দুই বছর এবং ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগটির নয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তাদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভাগটির চার শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তাদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ শিক্ষার্থী হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসান। তাদের প্রত্যেককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্স পর্যায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।