ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-এর অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৯ জন যাত্রী।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বেকাসি সিটি রেল স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের ভেতর এখনও বহু যাত্রী আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরা এবং স্থানীয় সূত্রে জানা যায়, জাকার্তা-চিকারং কমিউটার ট্রেন এবং আর্গো ব্রোমো আংগ্রেক নামের একটি দূরপাল্লার দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এই ট্রেনটি মূলত জাকার্তা ও সুরাবায়া-র মধ্যে চলাচল করে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল সংস্থা কেএআই-এর মুখপাত্র ফ্রানোটো উইবোবো জানান, একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনের ওপর থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগামী আর্গো ব্রোমো আংগ্রেক ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়।
মঙ্গলবার ভোর পর্যন্ত দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলের প্রধান মোহাম্মদ শাফি স্থানীয় গণমাধ্যমকে জানান, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, সংকীর্ণ ও বিকৃত ধাতব কাঠামোর মধ্যে কেটে কেটে উদ্ধারকর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও ধ্বংসস্তূপের ভেতরে আরও অন্তত কয়েকজন জীবিত আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।