ইতিহাসের শিক্ষা চর্চায় সুশাসন প্রতিষ্ঠা সম্ভব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজেস্ব প্রতিবেদক , মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬






                                        
                                       

ইতিহাসের শিক্ষা গ্রহণ ও ধারাবাহিক চর্চার মধ্যেই সঠিক সুশাসনের ভিত্তি তৈরি হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সরকার ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো অতীতে ফিরে দেখা। তবে সেই স্মৃতিকে শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার উপকরণ হিসেবে নথিবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, অতীতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিশ্লেষণ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী বলেন, ‘ফিরে দেখা সেই সময়’ বইটিতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্যতা পায় না এবং টেকসই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেও ব্যর্থ হয়।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বিতর্কের সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। যে সমাজ প্রশ্ন করতে ভয় পায় বা যুক্তিনির্ভর আলোচনা এড়িয়ে চলে, সেই সমাজ স্থবির হয়ে পড়ে। তাই অন্ধভাবে কিছু গ্রহণ না করে বুঝে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। এজন্য প্রয়োজন মুক্তচিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং গঠনমূলক আলোচনার পরিবেশ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। তবে অতীত অভিজ্ঞতা এবং জনগণের প্রত্যাশা বিবেচনায় একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আস্থাভাজন নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বইটির প্রকাশক সৈয়দ আবদাল আহমদ। এতে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান এবং বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক।

বইয়ের লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বইটিতে দেশের রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, গুম-খুন, দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, চাকরি ও ভর্তি বাণিজ্যসহ নানা বিষয়ে প্রকাশিত ৩৮টি নিবন্ধ সংকলিত হয়েছে। তার ভাষায়, এসব লেখার মাধ্যমে একটি সময়ের রাজনৈতিক বাস্তবতা, জনগণের প্রত্যাশা এবং গণতন্ত্রের সংকট তুলে ধরা হয়েছে।

  • kagoj
  • Kagojer patrika
  • Kagojerpatrika
  • patrika
  • patrikakagojer
  • paাtrikakagojer
  • গণতন্ত্র
  • জহির উদ্দিন স্বপন
  • জাতীয় সংসদ নির্বাচন
  • ডিবেট ফর ডেমোক্রেসি
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ফিরে দেখা সেই সময়
  • বইয়ের মোড়ক উন্মোচন
  • বিতর্কের সংস্কৃতি
  • রাজনৈতিক ইতিহাস
  • সিরডাপ কনফারেন্স সেন্টার
  • সুশাসন
  • হাসান আহমেদ চৌধুরী কিরণ