ছবি: সংগৃহীত

গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।
মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি সমাবেশে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। ওই রায়ে নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন মারা যান।
নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একই সঙ্গে দণ্ডিত আসামিরাও হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।
হাইকোর্টের রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা ছয় আসামি হলেন নূরুল ইসলাম সরকার, নূরুল ইসলাম দীপু, মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ এবং সোহাগ ওরফে সরু। তাদের মধ্যে শহীদুল ইসলাম শিপু পরে কাশিমপুর কারাগারে মারা যান। টিপু ও নূরুল আমিনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. আলী, সৈয়দ আহমেদ হোসেন মজনু, আনোয়ার হোসেন ওরফে আনু, রতন মিয়া ওরফে বড় মিয়া রতন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, আবু সালাম ওরফে সালাম এবং মশিউর রহমান ওরফে মনুর সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়।
অন্যদিকে মৃত্যুদণ্ড থেকে আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, লোকমান ও দুলাল মিয়া খালাস পান। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর খালাস পান।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন। দীর্ঘদিনের আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের ২৮ জুলাই আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শুরু হয়। সোমবার শুনানি শেষ করে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
তবে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায় নিয়মিত আদালত খোলার পর রায়ের দিন নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।