আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে বাংলাদেশের ৪০ খুদে ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত ইয়ুথ ফুটবল ক্লিনিকে অংশ নিয়ে আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পায় তারা।
বুধবার বাফুফে ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফে ৯০ মিনিটের ব্যতিক্রমী এই অনুশীলন অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনায় কীভাবে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া হয়, তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ইন্টারন্যাশনাল প্রতিনিধিদল। প্রশিক্ষণ সেশনে খুদে ফুটবলারদের পাশাপাশি অংশ নেন বাফুফের কোচিং স্টাফরাও।
আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণ ফুটবলাররা আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।