ছবি: সংগৃহীত

আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ। সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, আজ ১০ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। পবিত্র এই দিনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ দুটিতে ইমামতি করার কথা রয়েছে প্রখ্যাত দুই আলেম ও কারীর।
আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করার কথা রয়েছে শায়খ ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারির।
সৌদি আরবের আল-খারজ এলাকায় ১৯৮০ সালের ৬ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন। এরপর ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর এবং তুলনামূলক ফিকহের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন শায়খ আবদুল আজিজ আলে শায়েখ, শায়খ সালেহ আল-ফাওজান ও আবদুল্লাহ ইবনে জিবরান। এ ছাড়া বাকরি আল-তারাবিশি ও ইব্রাহিম আল-আখদারসহ বেশ কয়েকজন প্রখ্যাত কারীর কাছে কেরাত শিক্ষা নিয়েছেন তিনি।
শায়খ আদ-দাওসারি ১৯৯৫ সাল থেকে রিয়াদের বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে তাঁকে মসজিদুল হারামে তারাবিহ ও তাহাজ্জুদের নামাজের ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। পরে ২০১৯ সালে তিনি মসজিদুল হারামের স্থায়ী ইমাম হিসেবে দায়িত্ব পান। তাঁকে মসজিদুল হারামের সর্বকনিষ্ঠ ইমামদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
আজ মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করার কথা রয়েছে শায়খ সালাহ আল বুদাইরের।
সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়। ইমাম ও কারী পরিচয়ের পাশাপাশি আলেম ও দাঈ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
সৌদি আরবের হাফুফ শহরে জন্মগ্রহণ করেন শায়খ সালাহ আল বুদাইর। ১৯৮৫ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী থাকাকালেই তিনি নামাজের ইমামতি শুরু করেন। পরে মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞতা লাভ করেন।
বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মদিনার হাইকোর্টের বিচারক হিসেবেও কর্মরত রয়েছেন।
পবিত্র দুই মসজিদে জুমার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করা এসব আলেমের কোরআন তিলাওয়াত ও খুতবা মুসল্লিদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন