সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)।
রাজধানীর সেগুনবাগিচাস্থ হিসাব ভবন থেকে জারি করা এ অফিস আদেশে বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়মাবলি স্পষ্ট করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির স্মারক নম্বর ০৭.০৩.০০০০.২০১.৩২.০৯(খণ্ড-৪).২১-৩৮৩৫।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধ সংক্রান্ত আইবাস (iBAS++) সিস্টেমের প্রক্রিয়া আরও উন্নত করার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সিস্টেমের কারিগরি উন্নয়নকাজ চলার কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন ভাতা পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে এবং বকেয়া পরিশোধ কার্যক্রম সচল রাখতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এ অপশন চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিস্টেম উন্নতকরণের এ সময়ে বকেয়া পেনশন প্রদানের ‘Arrear Certification’ অপশন পাওয়ার জন্য হিসাবরক্ষণ কার্যালয়গুলোকে দুটি পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
উপজেলা ও জেলা পর্যায়ের কার্যালয়
দেশের সব উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (UAO) এবং ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (DAFO) কার্যালয়কে সরাসরি চিঠি না পাঠিয়ে নিজ নিজ সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (DCA) কার্যালয়ের মাধ্যমে ‘সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট’ কার্যালয় বরাবর পত্র পাঠাতে হবে।
বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের কার্যালয়
সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (CAFO) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (DCA) কার্যালয়কে সরাসরি ‘সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট’ কার্যালয় বরাবর পত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ আদেশের অনুলিপি দেশের সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট www.pension.gov.bd অথবা টেলিফোন নম্বর ০২-৪১০৩০৫৮২-এ যোগাযোগ করা যাবে।